ভোট দেওয়া নাগরিকের অধিকার। কিন্তু ভোট দিতে হলে আগে ভোটার তালিকায় নাম থাকতে হয়। ১৮ বছর বয়স হলেই একজন বাংলাদেশি নাগরিক ভোটার হওয়ার যোগ্য।
কোথায় নিবন্ধন করবেন
নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় পরপর ভোটার তালিকা হালনাগাদ করে। এ সময় নিজ এলাকার নিবন্ধন কেন্দ্রে গিয়ে বা অনলাইনে প্রাথমিক তথ্য দিয়ে আবেদন করা যায়। এ ছাড়া উপজেলা ও থানা নির্বাচন অফিসেও যোগাযোগ করা যায়।
যা সঙ্গে নেবেন
জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত সনদ (থাকলে), মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি এবং ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বা অন্য বিলের কপি সাধারণত দরকার হয়। নিবন্ধনের সময় ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হয়।
নিবন্ধনের পরই জাতীয় পরিচয়পত্রও তৈরি হয়। তাই নির্ধারিত বয়স হলে দেরি না করে নিবন্ধন সেরে ফেলাই ভালো।