মোটরসাইকেল চালকদের জন্য নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে মোটরসাইকেলের পেছনে ডিজিটাল বা আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএ-এর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে এই ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনাটি বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট চালক বা মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নম্বরপ্লেটের নির্ধারিত মাপ:
বিআরটিএ-এর নির্দেশনায় স্কুটার এবং সাধারণ মোটরসাইকেলের জন্য সামনের নম্বরপ্লেটের আলাদা মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে:
স্কুটারের ক্ষেত্রে: নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। নম্বরের ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। এ ক্ষেত্রেও নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখা বাধ্যতামূলক।
নির্ধারিত সময়ের মধ্যে সঠিক মাপ অনুসরণ করে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনের জন্য সকল বাইকারের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।