ব্যাংক হিসাব খোলা থেকে সিম নিবন্ধন, প্রায় সব কাজেই এখন জাতীয় পরিচয়পত্র লাগে। তাই এটি হারিয়ে গেলে দ্রুত নতুন কপির ব্যবস্থা করা জরুরি।

প্রথম কাজ: সাধারণ ডায়েরি

পরিচয়পত্র হারানোর পর প্রথমে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন। জিডির কপিটি যত্ন করে রাখুন, আবেদনের সময় এটি লাগবে।

অনলাইনে আবেদন

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সেবার ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে ঢুকে হারানো কার্ডের পুনঃমুদ্রণের আবেদন করা যায়। নির্ধারিত ফি পরিশোধ ও জিডির কপি আপলোড করার পর আবেদনটি প্রক্রিয়া করা হয়।

আবেদন অনুমোদিত হলে উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে নতুন কার্ড সংগ্রহ করা যায়। অনেক ক্ষেত্রে অনলাইন থেকে পরিচয়পত্রের কপি ডাউনলোড করেও জরুরি কাজ চালানো যায়।